জাতীয়
ছবি: সংগৃহীত

কমলগঞ্জে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে দুই গ্রাম প্লাবিত, দুর্ভোগে শতাধিক পরিবার।

নিজেস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে লাউয়াছড়া খালের বাঁধ ভেঙে হঠাৎ বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এতে আদমপুর ইউনিয়নের ভানুবিল ও ছনগাঁও গ্রামের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গেছে।

মঙ্গলবার (২৬ মে) ভোরের দিকে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়লে নিচু এলাকার বাড়িঘর ও আঙিনা প্লাবিত হয়। অনেক পরিবারকে পানি মাড়িয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয়রা জানান, আকস্মিক ঢলে গ্রামের অভ্যন্তরীণ সড়ক ডুবে যাওয়ায় ভানুবিল ও ছনগাঁওয়ের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিশেষ করে ছনগাঁও-ভানুবিল সংযোগ সড়কের বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় চলাচলে চরম দুর্ভোগ তৈরি হয়েছে।

ভানুবিল গ্রামের বাসিন্দা আলী হোসেন বলেন, কোনো ধরনের আগাম সতর্কতা ছাড়াই হঠাৎ পানি ঢুকে পড়ে। এতে বাড়ির আঙিনা ও আশপাশের এলাকা তলিয়ে গেছে। একই ধরনের অভিযোগ করেন ছনগাঁও গ্রামের রাধা কান্ত সিংহও।

আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন জানান, পাহাড়ি ঢলের কারণে অন্তত ৭০ থেকে ৮০টি পরিবারের বাড়ির আঙিনা পানিতে ডুবে গেছে। পাশাপাশি গ্রামের বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুজ্জামান বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের কাছ থেকে পরিস্থিতির তথ্য পাওয়া গেছে। প্রশাসন সার্বক্ষণিক নজরদারিতে রয়েছে এবং ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

মতামত দিন