আরাফার ময়দানে হজের খুতবা, মুসলিম উম্মাহর ঐক্যের আহ্বান।
পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা আরাফার ময়দানে অনুষ্ঠিত হয়েছে হজের মূল খুতবা। ‘লাব্বায়িক আল্লাহুম্মা লাব্বায়িক’ ধ্বনিতে মুখরিত আরাফায় লাখো হাজির উপস্থিতিতে মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটের দিকে খুতবা প্রদান শুরু করেন মসজিদে নববীর ইমাম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।
মক্কার মসজিদে নামিরা থেকে দেওয়া এ খুতবায় তিনি বিশ্ব মুসলিমদের পারস্পরিক ভ্রাতৃত্ব, সংহতি ও ঐক্য ধরে রাখার আহ্বান জানান।
খুতবায় তিনি বলেন, হজ শুধু একটি ইবাদত নয়, এটি মুসলিম উম্মাহর পারস্পরিক পরিচয়, সহযোগিতা ও সম্প্রীতির প্রতীক। কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ এবং আল্লাহর প্রতি আনুগত্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
শায়খ হুদাইফি হাজিদের উদ্দেশে বলেন, তাকওয়াই মানুষের মুক্তির পথ। তিনি মুসলমানদের তৌহিদের ওপর অটল থাকার এবং একমাত্র আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান।
একই সঙ্গে তিনি মিথ্যা, গিবত ও অসততা থেকে দূরে থাকার নসিহত করে বলেন, একজন মুমিনের চরিত্রে সততা ও নৈতিকতা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।
খুতবা শেষে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং হাজিদের হজ কবুলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। দোয়ায় হাজিদের নিরাপদে নিজ নিজ দেশে ফিরে যাওয়ার জন্যও প্রার্থনা করা হয়।
পরে হাজিরা মসজিদে নামিরায় একসঙ্গে জোহর ও আসরের নামাজ আদায় করেন। এরপর তারা হজের পরবর্তী আনুষ্ঠানিকতা পালনের জন্য মিনার উদ্দেশ্যে রওনা হন।
ইসলামের ইতিহাসে মসজিদে নামিরার বিশেষ গুরুত্ব রয়েছে। কারণ বিদায় হজের ঐতিহাসিক ভাষণ এখান থেকেই প্রদান করেছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)।
তথ্যসূত্র: Geo News
মতামত দিন