জাতীয়
ছবি: সংগৃহীত

অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তেমন পাওয়া যাচ্ছে না-দাবি সেতুমন্ত্রীর।

নিজেস্ব প্রতিবেদক:

ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। এ সময়ে গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ তেমন পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেকটাই স্বস্তিদায়ক। নির্ধারিত ভাড়াতেই যাত্রীরা বাড়ি ফিরতে পারছেন বলে দাবি করেন তিনি।

তবে যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কম থাকায় কিছুটা চাপ তৈরি হয়েছে বলে জানান শেখ রবিউল আলম। তিনি বলেন, অনেক যাত্রী চলন্ত বাসে ওঠার চেষ্টা করেন, যা ঝুঁকিপূর্ণ।

তার ভাষায়, কোনো যাত্রী সচেতনভাবে অভিযোগ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পশুর হাট নিয়ে সৃষ্ট সমস্যার কথাও তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন এলাকায় সড়কের পাশ পর্যন্ত পশুর হাট বিস্তৃত হয়ে পড়েছে। কিছু হাটে অতিরিক্ত মানুষ ও পশুর চাপ থাকায় যান চলাচলেও প্রভাব পড়ছে।

তিনি আরও বলেন, ঈদযাত্রা ও পশু পরিবহন—দুই বিষয়ই নিরাপদ রাখতে সরকার কাজ করছে। দুর্ঘটনা এড়াতে যাত্রীদেরও আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

মন্ত্রী বলেন, অনেক মানুষ এখনো নিজেদের নিরাপত্তার বিষয়ে যথেষ্ট সতর্ক নন। তারপরও আগের যেকোনো সময়ের তুলনায় এবারের যাত্রা বেশি স্বস্তিদায়ক বলে মন্তব্য করেন তিনি।

মতামত দিন