ঈদযাত্রার চাপে টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট।
ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের চাপ বাড়তে শুরু করায় ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। এলেঙ্গা থেকে যমুনা সেতুর পূর্বপাড় পর্যন্ত প্রায় ১৩ কিলোমিটার সড়কে ধীরগতিতে চলছে যানবাহন।
মঙ্গলবার (২৬ মে) সকাল থেকেই মহাসড়কের বিভিন্ন অংশে যানবাহনের চাপ বাড়তে থাকে। দুপুরের পর পরিস্থিতি আরও খারাপ হয়। বিশেষ করে উত্তরবঙ্গমুখী বাস, ট্রাক ও ব্যক্তিগত গাড়ির অতিরিক্ত চাপের কারণে যান চলাচল বারবার থেমে যাচ্ছে।
সড়কে আটকে পড়া যাত্রীরা জানান, স্বাভাবিক সময়ে যে পথ পাড়ি দিতে এক ঘণ্টার মতো সময় লাগে, সেখানে এখন কয়েক ঘণ্টা ধরে যানজটে বসে থাকতে হচ্ছে। দীর্ঘ সময় আটকে থাকায় নারী, শিশু ও বয়স্ক যাত্রীরা বেশি দুর্ভোগে পড়েছেন।
চালকদের ভাষ্য, অনেক জায়গায় ৩০ থেকে ৪০ মিনিট পর্যন্ত গাড়ি একেবারে স্থির হয়ে থাকছে। আবার কিছু দূর এগিয়ে পুনরায় যানজটে পড়তে হচ্ছে।
পরিস্থিতি পর্যবেক্ষণে সকালে মহাসড়ক পরিদর্শন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শরীফা হক। তিনি বলেন, ঈদযাত্রা স্বাভাবিক রাখতে প্রশাসন মাঠে কাজ করছে এবং যানজট নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার জানান, মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রায় এক হাজার পুলিশ সদস্য যান চলাচল স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করছেন।
মতামত দিন