জাতীয়
ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলের পশুর হাটে বাড়তি নিরাপত্তা, চাঁদাবাজি ঠেকাতে মাঠে র‌্যাব-৮।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বরিশাল বিভাগসহ দক্ষিণাঞ্চলের আট জেলায় কোরবানির পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব-৮। চাঁদাবাজি, জাল টাকা ও যাত্রী ভোগান্তি ঠেকাতে নেওয়া হয়েছে বিশেষ নজরদারি ব্যবস্থা।

মঙ্গলবার (২৬ মে) দুপুরে বরিশাল নগরীর দপদপিয়া এলাকায় কীর্তনখোলা সেতুর ঢালে গড়ে ওঠা অস্থায়ী পশুর হাট পরিদর্শনের পর আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জোবায়ের।

তিনি বলেন, বরিশাল, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট ও মাদারীপুর জেলার পশুর হাটগুলোতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে। হাটে ওয়াচ টাওয়ার ও কন্ট্রোল রুম স্থাপনের পাশাপাশি নিয়মিত টহল জোরদার করা হয়েছে।

র‌্যাব জানায়, পশুর হাটগুলো ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। একই সঙ্গে জাল টাকা শনাক্তে কন্ট্রোল রুমে আধুনিক মেশিন স্থাপন করা হয়েছে।

এছাড়া ঈদ ঘিরে বাস টার্মিনাল, লঞ্চঘাট, শপিংমল ও আবাসিক এলাকায় সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

নদীপথে নিরাপত্তা নিশ্চিতে বোট পেট্রোল চালানোর কথাও জানান র‌্যাব কর্মকর্তারা।

সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ এর বিভিন্ন কোম্পানি কমান্ডার উপস্থিত ছিলেন। পরে তারা নগরীর কয়েকটি পশুর হাট ও বাসস্ট্যান্ড এলাকা ঘুরে দেখেন।

মতামত দিন