খুতবা ও নামাজ শেষে এবার মুজদালিফার পথে হাজিরা।
আরাফার ময়দানে খুতবা শুনে জোহর ও আসরের নামাজ পড়েছেন লাখো হাজি। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটে নামিরাহ মসজিদ থেকে খুতবা শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি, এরপর সাড়ে ৩টার দিকে একসঙ্গে দুই ওয়াক্তের নামাজ আদায় করেন হাজিরা।
এবারও বাংলাসহ ৫০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার হয়েছে। বাংলায় সপ্তমবারের মতো এই দায়িত্ব পালন করেছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব — সবাই উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
আজ ৯ জিলহজ, পবিত্র আরাফা দিবস। ভোর থেকেই সাদা ইহরামে ঢাকা হাজিদের কণ্ঠে ভেসে উঠছে তালবিয়ার ধ্বনি। মিনায় ফজরের নামাজের পরই তারা রওনা হন এই ঐতিহাসিক ময়দানের দিকে — যেখানে দাঁড়িয়ে মহানবী (সা.) একদিন দিয়েছিলেন বিদায় হজের অবিস্মরণীয় ভাষণ।
সূর্য ডুবলেই শুরু হবে পরের অধ্যায়। হাজিরা রওনা হবেন মুজদালিফার দিকে। বুধবার স্থানীয় সময় ১০ জিলহজ পশু কোরবানির মধ্য দিয়ে হজের মূল পর্ব সমাপ্ত হবে এবং শুরু হবে ঈদুল আজহা। এরপর কাবায় বিদায়ী তাওয়াফ করে একে একে ঘরে ফিরবেন বিশ্বের নানা প্রান্তের হাজিরা।
সূত্র: ইনসাইড দ্য হারামাইন
মতামত দিন