আরাফার ময়দানে লাখো কণ্ঠে তালবিয়া, শুরু হজের খুতবা।
সাদা ইহরামে ঢাকা লাখো মানুষের কণ্ঠে 'লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক' ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে আরাফার ময়দান। মঙ্গলবার (২৬ মে) বাংলাদেশ সময় বিকাল ৩টা ২০ মিনিটে মক্কার নামিরাহ মসজিদ থেকে হজের খুতবা পাঠ শুরু করেন শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুদাইফি।
আরবি বর্ষপঞ্জির ৯ জিলহজ, অর্থাৎ আরাফা দিবসে হাজিরা মিনায় ফজরের নামাজ শেষেই রওনা হয়ে যান মক্কা থেকে ২০ কিলোমিটার দক্ষিণ-পূর্বের এই ঐতিহাসিক প্রান্তরের উদ্দেশে। সেই একই মাটিতে দাঁড়িয়ে একসময় বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)। সেই স্মৃতি বুকে নিয়েই দিনভর ইবাদত ও দোয়ায় মগ্ন হয়েছেন এবারের হাজিরা।
এ বছরও বাংলাসহ ৫০টি ভাষায় খুতবার অনুবাদ সম্প্রচার হচ্ছে। বাংলায় টানা সপ্তমবারের মতো এই অনুবাদ কার্যক্রম পরিচালনা করছেন ড. মুহাম্মদ খলীলুর রহমান, ড. আ ফ ম ওয়াহিদুর রহমান, মুবিনুর রহমান ফারুক ও নাজমুস সাকিব — যারা সবাই মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী।
মতামত দিন