চীনের সঙ্গে ১২২ কোটি ডলারের চুক্তি পাকিস্তানের।
কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তির মাইলফলকে দাঁড়িয়ে চীনের সঙ্গে বড় অর্থনৈতিক সমঝোতায় পৌঁছাল পাকিস্তান। সোমবার চীনের হাংঝুতে অনুষ্ঠিত পাকিস্তান-চীন বিজনেস কনফারেন্সে দুই দেশের কোম্পানিগুলোর মধ্যে ১.২২ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও ঝেজিয়াং প্রদেশের গভর্নর লিউ জিয়ে এই চুক্তি স্বাক্ষরের সাক্ষী ছিলেন। গত শনিবার চার দিনের সফরে বেইজিং পৌঁছান শেহবাজ। মূলত দুই দেশের অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতার পরিসর বাড়ানোই এই সফরের মূল উদ্দেশ্য।
এবারের চুক্তিগুলো প্রচলিত অবকাঠামো বিনিয়োগের বাইরে গিয়ে নতুন খাতে মনোযোগ দিয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন, স্মার্ট মোবিলিটি, কৃষি ও প্রযুক্তি হস্তান্তরে চীনা বিনিয়োগ আনাই এখন ইসলামাবাদের লক্ষ্য।
এই পদক্ষেপ এমন সময়ে এল যখন পাকিস্তান আইএমএফের ৭ বিলিয়ন ডলারের বেইলআউটের শর্ত পূরণ করতে গিয়ে অর্থনীতি চাঙা করার মরিয়া চেষ্টা চালাচ্ছে। সিপিইসির আওতায় সড়ক, বন্দর ও বিদ্যুৎ খাতে চীনের ৬৫ বিলিয়ন ডলারেরও বেশি বিনিয়োগের প্রতিশ্রুতি আগেই রয়েছে। এবার সেই সম্পর্ককে শিল্প ও রপ্তানিমুখী বিনিয়োগের দিকে নিয়ে যেতে চাইছে পাকিস্তান।

মতামত দিন