আলোচনার মাঝেই বন্দর আব্বাসে মার্কিন হামলা।
ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনা যখন জোরেশোরে চলছে, ঠিক সেই মুহূর্তে দক্ষিণ ইরানের বন্দর আব্বাসে নতুন করে হামলা চালাল যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড নিজেই এই হামলার কথা স্বীকার করেছে এবং একে 'আত্মরক্ষামূলক পদক্ষেপ' বলে দাবি করেছে।
সেন্টকমের বিবৃতিতে বলা হয়, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং মাইন পাতার কাজে ব্যবহৃত নৌযান লক্ষ্য করেই এই অভিযান পরিচালিত হয়েছে। মার্কিন সেনাদের সম্ভাব্য হুমকি থেকে সুরক্ষিত রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। তবে তেহরান এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে, তবে এখনই কোনো চুক্তিতে পৌঁছানোর সম্ভাবনা নেই।
ওদিকে নয়াদিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও বলেন, অন্য পথে যাওয়ার আগে কূটনীতিকে পুরোপুরি সুযোগ দেবে ওয়াশিংটন। হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল এবং পারমাণবিক প্রশ্নে সময়বদ্ধ আলোচনার একটি প্রস্তাব এখন আলোচনার টেবিলে রয়েছে বলেও জানান তিনি।
সোমবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ইরানের সঙ্গে আলোচনা ইতিবাচক দিকেই এগোচ্ছে। তবে সমঝোতা না হলে নতুন হামলার পথ খোলা থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর মধ্যে লেবাননেও থামেনি সংঘাত। এপ্রিলের মাঝামাঝি যুদ্ধবিরতি হলেও আত্মরক্ষার দাবি তুলে হিজবুল্লাহর ওপর বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল।
মতামত দিন