পাসপোর্টে ডলার সংযুক্তির ফি নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক ঘোষণা করেছে, ব্যাংক থেকে ডলার কেনাবেচায় আর কোনো অতিরিক্ত সার্ভিস ফি, চার্জ বা কমিশন নেওয়া যাবে না। বিদেশ যাত্রার জন্য পাসপোর্টে ডলার সংযুক্তি (এনডোর্সমেন্ট) করতে চাইলে ব্যাংক সর্বোচ্চ ৩০০ টাকা ফি নিতে পারবে।
শনিবার (১৭ মে) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবৃদ্ধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এই নতুন নির্দেশনা জারি করে দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে তা প্রেরণ করে।
নির্দেশনায় বলা হয়েছে, বিভিন্ন ব্যাংক ভিন্ন রকম পাসপোর্ট এনডোর্সমেন্ট ফি ও অতিরিক্ত সার্ভিস চার্জ আদায় করায় গ্রাহকরা বৈদেশিক মুদ্রা কেনায় দ্বিধাগ্রস্ত হচ্ছেন। এ অবস্থায় উৎসাহিত করতে সর্বোচ্চ ৩০০ টাকা পর্যন্ত ফি ধার্য করা হয়েছে, যা ছাড়া অন্য কোনো ফি, চার্জ বা কমিশন নেওয়া যাবে না।
এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে এবং ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারা অনুযায়ী জারি করা হয়েছে।
মতামত দিন