অর্থনীতি
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় গত ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে টোল আদায় ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

নিজেস্ব প্রতিবেদক:

কোরবানির ঈদ দরজায় কড়া নাড়ছে। শেষ মুহূর্তে বাড়ি ফেরার তাড়ায় যমুনা সেতুতে গত ২৪ ঘণ্টায় পার হয়েছে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন, টোল উঠেছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা।

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, রোববার রাত ১২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গের দিকে গেছে ৩২ হাজার ১৮৬টি গাড়ি, টোল আদায় হয়েছে ১ কোটি ৯৬ লাখ ৪০ হাজার ৭০০ টাকা। আর ঢাকামুখী ২১ হাজার ৬০টি গাড়ি থেকে টোল এসেছে ১ কোটি ৮১ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রা সামলাতে সেতুর দুই পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। মোটরসাইকেলের জন্য আলাদাভাবে দুটি বুথ রয়েছে।

উল্লেখ্য, ১৯৯৮ সালে চালু হওয়ার পর থেকে এই সেতুতে টোল আদায় হয়ে আসছে। দীর্ঘদিন কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) এই দায়িত্বে থাকলেও ২০২৪ সালের শেষ দিক থেকে চায়না রোড ব্রিজ কর্পোরেশন টোল আদায় করছে।

মতামত দিন