অর্থনীতি
ছবি: সংগৃহীত

ঈদযাত্রায় গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা।

নিজেস্ব প্রতিবেদক:

কোরবানির ঈদ সামনে রেখে ঘরমুখো মানুষের ঢলে গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল উঠেছে ৪ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৩৫০ টাকা। এ সময় সেতু পার হয়েছে মোট ৪৩ হাজার ৩৫১টি যানবাহন।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানায়, মাওয়া প্রান্ত দিয়ে পার হয়েছে ২৮ হাজার ৬৭টি গাড়ি, টোল আদায় হয়েছে ২ কোটি ৬৪ লাখ ২১ হাজার টাকা। জাজিরা প্রান্তে গাড়ি পার হয়েছে ১৫ হাজার ২৮৪টি, টোল এসেছে ২ কোটি ১৫ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা।

এবারের এই আদায় সর্বকালের চতুর্থ সর্বোচ্চ। এর আগে ২০২৫ সালের ৬ জুন কোরবানির ঈদে একদিনে ৫২ হাজার ৪৮৭টি গাড়ি পার হয়ে টোল ওঠে ৫ কোটি ৪৩ লাখ ২৮ হাজার ১০০ টাকা, যা এখন পর্যন্ত সর্বোচ্চ। একই বছর ঈদুল ফিতরে উঠেছিল ৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার ৭০০ টাকা এবং ২০২৪ সালের ১৪ জুন ৪ কোটি ৮০ লাখ ৩০ হাজার ১০০ টাকা।

ঈদযাত্রা স্বাচ্ছন্দ্যময় করতে দুই প্রান্ত মিলিয়ে ১৯টি টোল বুথ সার্বক্ষণিক চালু রাখা হয়েছে। মাওয়ায় ১০টি ও জাজিরায় ৯টি বুথের পাশাপাশি মোটরসাইকেলের ভিড় সামলাতে মাওয়ায় বাড়তি অস্থায়ী বুথও রাখা হয়েছে।

সেতুর নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ জানান, আরএফআইডি কার্ডভিত্তিক ইলেকট্রনিক টোল সংগ্রহ ব্যবস্থায় গাড়ি না থামিয়েই টোল কাটা যাচ্ছে, ফলে যানজট কমে এসেছে উল্লেখযোগ্যভাবে।

মতামত দিন