ঝড়-বৃষ্টিতে সদরঘাটসহ একাধিক নৌরুটে যোগাযোগ বিচ্ছিন্ন।
বৈরী আবহাওয়ার কারণে আজ মঙ্গলবার (২৬ মে) রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। এসএমএসের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা যাত্রীদের জানানো হয়।
এর আগে সকাল ১১টা ২০ মিনিটে হঠাৎ আকাশ কালো করে ঝড় ওঠে পাটুরিয়া ও আরিচা ঘাট এলাকায়। প্রচণ্ড ঝড়ো হাওয়া ও মুষলধারে বৃষ্টিতে নদীর পরিস্থিতি বিপজ্জনক হয়ে পড়লে বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করে।
তবে ঘণ্টা না পেরোতেই আবহাওয়া কিছুটা ভালো হলে দুপুর ১২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল আবার শুরু হয়। সদরঘাটসহ বাকি রুটগুলোতে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত লঞ্চ বন্ধই থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
মতামত দিন