ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে মাঠে নামছে সরকার।
পবিত্র ঈদুল আজহার ছুটিতে দেশের মানুষ যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পান, সেটি নিশ্চিত করতে এবার আগেভাগেই কোমর বেঁধে নেমেছে বিদ্যুৎ বিভাগ। শুধু কাগজে-কলমে নির্দেশনা নয়, মাঠপর্যায় থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সবাইকে সক্রিয় রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিভাগের সচিব মিরানা মাহরুখ জানান, ঈদের পুরো সময়টায় সার্বক্ষণিক তদারকি চলবে এবং কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।
চাহিদার বিষয়ে বিপিডিবির উৎপাদন সদস্য মো. জহুরুল ইসলাম বলেন, ঈদের সময় কলকারখানা ও অফিস বন্ধ থাকায় বিদ্যুতের চাপ এমনিতেই কমে। ধারণা করা হচ্ছে চাহিদা ১২ থেকে ১৩ হাজার মেগাওয়াটের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তবু বাড়তি চাহিদা সামলাতে ফার্নেস অয়েলচালিত বিদ্যুৎকেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে।
ঝড়-বৃষ্টিতে লাইন ছিঁড়লে কিংবা বিদ্যুৎ বিভ্রাট ঘটলে যাতে মুহূর্তের মধ্যে মেরামত করা যায়, সেজন্য দেশের চারটি জোনে প্রকৌশলী ও কারিগরি দল সার্বক্ষণিক মোতায়েন থাকবে। জাতীয় গ্রিডের দুর্বল অংশগুলো আগেই মেরামত করে নেওয়া হয়েছে।
রাজধানীতে ডিপিডিসি ও ডেসকো এবং সারাদেশে বিআরইবি ও নেসকো আলাদাভাবে বিশেষ দল গড়েছে। ঈদের কয়েকদিন আগে থেকে শুরু করে পরেও জরুরি কন্ট্রোল রুম চালু থাকবে।
বিদ্যুৎ বিভাগ এ সময় অপচয় কমাতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। যারা প্রি-পেইড মিটার ব্যবহার করেন, তাদের ঈদের আগেই পর্যাপ্ত রিচার্জ করে রাখতে বলা হয়েছে।

মতামত দিন