ইসলামের আলো
ছবি: সংগৃহীত

আরাফার ময়দানে জড়ো হতে শুরু করেছেন ১৮ লাখ মুসলিম হাজি।

 নিজেস্ব প্রতিবেদক:

হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনে আজ মঙ্গলবার (২৬ মে) প্রায় ১৮ লাখ মুসলিম হাজি সৌদি আরবের আরাফার ময়দানে জড়ো হতে শুরু করেছেন। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা এই লাখো মানুষের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে পবিত্র ভূমি।

নিরাপত্তা বাহিনী মিনা থেকে আরাফা পর্যন্ত সড়কগুলোতে কড়া নজরদারি রেখেছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, হাজিদের চলাচল পূর্বনির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে এবং যান চলাচলেও কোনো বিঘ্ন ঘটেনি।

আরাফার ময়দানে পৌঁছে হাজিরা নামিরা মসজিদে জোহর ও আসরের নামাজ একসঙ্গে আদায় করবেন। সূর্য ডোবার পর তারা মুজদালিফার উদ্দেশে রওনা দেবেন, যেখানে মাগরিব ও এশার নামাজ পড়ে রাত কাটাবেন।

এর আগে সোমবার মিনায় হাজিদের আগমনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এবারের হজ শুরু হয়। ছয় দিনের এই কর্মসূচিতে আরাফাতে অবস্থান, মুজদালিফায় রাতযাপন, শয়তানকে পাথর নিক্ষেপ এবং কাবাঘর তাওয়াফসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা রয়েছে।

ইসলামি বিশ্বাসে এই আনুষ্ঠানিকতাগুলো হজরত ইবরাহিম (আ.) ও তার পরিবারের ত্যাগ ও পরীক্ষার স্মৃতিবাহী। এ বছর সৌদি কর্তৃপক্ষ নজরদারি প্রযুক্তি ও ভিড় পর্যবেক্ষণ ব্যবস্থা ব্যবহার করে নিরাপত্তা ও ব্যবস্থাপনা আরও জোরদার করেছে।

সূত্র: আনাদলু

মতামত দিন