হাসনাত-সারজিসকে ‘বেইমান’ বলে আখ্যা রাশেদ খাঁনের।
এনসিপির নেতা ও সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ এবং দলটির নেতা সারজিস আলমকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া মন্তব্য করেছেন বিএনপি নেতা রাশেদ খাঁন।
সোমবার (২৫ মে) সকাল ১০টা ২৬ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি তাদের ‘বেইমান’ বলে আখ্যা দেন।
ফেসবুক পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার প্রশ্নে অন্য সমন্বয়কদের সঙ্গে হাসনাত আব্দুল্লাহর বিরোধ ও হাতাহাতির ঘটনাও ঘটেছিল।
তিনি আরও লেখেন, অন্য সমন্বয়করা ডিবি হেফাজতে নির্যাতনের শিকার হলেও হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলম ডিবি কার্যালয়ে ভিন্ন সুবিধা পেয়েছিলেন বলে একটি অডিওতে উঠে এসেছে।
পোস্টে তিনি বিএনপির সংসদ সদস্যদের উদ্দেশে বলেন, সংসদে হাসনাত আব্দুল্লাহ বক্তব্য দিলে ওই অডিও বেশি করে প্রচার করা উচিত।
রাশেদ খাঁন আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় হাসনাত ও সারজিসের অবস্থান নিয়ে আগে থেকেই তার সন্দেহ ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে তাদের ভূমিকার কথাও পোস্টে উল্লেখ করেন তিনি।
একই পোস্টে তিনি লেখেন, অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা শপথ নেওয়ার আগে ৭ আগস্ট রাত ২টার দিকে তাকে বলেছিলেন—হাসনাত ও সারজিস ‘জাতির সঙ্গে বেইমানি’ করেছেন।
এছাড়া আসিফ মাহমুদের বই নিয়েও মন্তব্য করেন বিএনপির এই নেতা। তার ভাষ্য, বইটিতে গণঅভ্যুত্থানের ইতিবাচক দিক উঠে এলেও বিতর্কিত অধ্যায়গুলো স্থান পায়নি।

মতামত দিন