‘দেশজুড়ে আইনশৃঙ্খলার চরম অবনতি’, ঝিনাইদহে সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ।
ঝিনাইদহে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা, মামলা ও গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে আয়োজিত সংবাদ সম্মেলনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার সন্ধ্যায় ঝিনাইদহের পায়রা চত্বরে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন, শুধু ঝিনাইদহ নয়, পুরো দেশেই এখন আইনশৃঙ্খলার ভয়াবহ অবনতি ঘটেছে।
তিনি দাবি করেন, শিশু ধর্ষণ, নিউমোনিয়া ও হামে শিশু মৃত্যুর মতো ঘটনা বেড়ে চললেও সরকার কার্যকর কোনো পদক্ষেপ নিতে পারছে না। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলেও সেগুলো নিয়েও দৃশ্যমান ব্যবস্থা নেই।
সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম সদস্য সচিব তারেক রেজাসহ দলীয় নেতাকর্মীদের ওপর হামলা ও পরবর্তী মামলার প্রসঙ্গও তুলে ধরা হয়। হাসনাত আব্দুল্লাহ বলেন, ২২ মে ঝিনাইদহে ছাত্রদলের হামলার পর থানায় মামলা করতে গেলে পুলিশ গড়িমসি করে। পরে সরকারিভাবে নির্দেশ যাওয়ার পর মামলা নেওয়া হয়।
তার অভিযোগ, বিপরীতে ছাত্রদল নেতাদের দায়ের করা মামলা দ্রুত গ্রহণ করা হয়েছে এবং সে মামলায় ছাত্রশক্তি ও যুবশক্তির নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, ডিবি পুলিশ সাদা পোশাকে কয়েকজনকে তুলে নিয়ে গেলেও শুরুতে তাদের আটকের বিষয়টি অস্বীকার করা হয়। আদালতে হাজির করার পরও আইনজীবীদের বাধার মুখে পড়তে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিচার বিভাগ নিয়েও সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশে বিচারিক প্রক্রিয়ায় দলীয় প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। তার ভাষ্য, অনেক ক্ষেত্রে আদালতের সিদ্ধান্ত স্বাধীনভাবে হচ্ছে না।
পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলে তিনি বলেন, গণঅভ্যুত্থানের পর পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবে বলে আশা করা হয়েছিল। কিন্তু বাস্তবে তারা রাজনৈতিক প্রভাবের বাইরে যেতে পারেনি বলে মন্তব্য করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন এনসিপির যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, জাহিদ হাসান ও রিফাত হাসান।
পরে খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরের কবর জিয়ারত করেন এনসিপির নেতারা।

মতামত দিন