রাজনীতি
ছবি: সংগৃহীত

এনসিপি নেতা তারেক রেজা জামিনে মুক্ত।

নিজেস্ব প্রতিবেদক:

ঝিনাইদহে এক মামলায় গ্রেপ্তার হওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা জামিন পেয়ে মুক্ত হয়েছেন।

সোমবার (২৫ মে) সকাল ১০টার দিকে ঝিনাইদহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তার পক্ষে জামিন আবেদন করা হয়।

শুনানিতে অংশ নেন আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ইসমাইল হোসেন। পরে আদালত তারেক রেজাকে জামিন দেন।

একই মামলায় গ্রেপ্তার থাকা যুবশক্তির কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের ক্ষেত্রে জামিন আবেদন খারিজ করে দেন আদালত।

এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় ঝিনাইদহ শহরের স্টেডিয়াম সংলগ্ন ফ্যামিলি জোন মিলনায়তনের সামনে থেকে তাকে আটক করে পুলিশ। জানা যায়, ওই স্থানে তিনি একটি সংবাদ সম্মেলনে অংশ নিতে যাচ্ছিলেন। সেখানে পৌঁছানোর পরপরই তাকে হেফাজতে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

ঘটনাস্থলে সদর থানার পুলিশ, সাদা পোশাকের সদস্য ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, ২৩ মে ঝিনাইদহ সদর থানায় হামলা, ভাঙচুর ও হত্যার হুমকির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় তারেক রেজাসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়েছে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

মতামত দিন