বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির।
বাংলাদেশে বিনিয়োগ সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো ও যোগাযোগব্যবস্থা উন্নয়ন এবং আঞ্চলিক বৈষম্য হ্রাসের লক্ষ্যে আগামী পাঁচ বছরে ৫ বিলিয়ন ডলার সহায়তা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
সোমবার (২৫ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে এ পরিকল্পনার বিষয়টি তুলে ধরেন এডিবি সভাপতি মাসাতো কান্দা।
এডিবির পক্ষ থেকে জানানো হয়, ‘ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ’ শীর্ষক একটি নতুন কর্মসূচির আওতায় এই অর্থায়ন দেওয়া হবে। প্রতি বছর গড়ে প্রায় ১ বিলিয়ন ডলার করে সহায়তা প্রদান করা হবে, যা সংস্থাটির বিদ্যমান ঋণ কাঠামোর মধ্যেই অন্তর্ভুক্ত থাকবে।
এডিবি সভাপতি মাসাতো কান্দা বলেন, বাংলাদেশ এখন অর্থনৈতিক উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ ধাপে প্রবেশ করেছে। অর্জিত স্থিতিশীলতা ধরে রাখা, নতুন প্রবৃদ্ধির খাত তৈরি এবং অর্থনীতিকে আরও বৈচিত্র্যময় ও স্থিতিশীল করতে এডিবি পাশে থাকবে।
সংস্থাটি আরও জানায়, বর্তমানে বাংলাদেশে তাদের বার্ষিক সার্বভৌম ঋণ প্রতিশ্রুতি প্রায় ২ বিলিয়ন ডলার। এটি মধ্যমেয়াদে বাড়িয়ে প্রায় ২.৪ বিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া ২০২৬ সালের বার্ষিক প্রতিশ্রুতি কর্মসূচির অংশ হিসেবে প্রায় ১.৪ বিলিয়ন ডলারের ঋণচুক্তিও এ সফরে সই হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অন্যদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে জ্বালানি তেল, এলএনজি, সার ও পরিবহন ব্যয় বৃদ্ধি মোকাবিলায় বাংলাদেশকে অতিরিক্ত ২৫০ মিলিয়ন ডলার সহায়তা দেবে এডিবি।
এর পাশাপাশি দেশের মধ্যমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে সহায়তার জন্য ২০ লাখ ডলারের কারিগরি সহায়তাও দেওয়া হবে বলে জানানো হয়েছে।

মতামত দিন