অপরাধ
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় হত্যা মামলায় পরিবার পরিকল্পনা পরিদর্শক গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

ফরিদপুরের সালথায় লিচু বাগান মালিক হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় মো. রাজু মুন্সি (৩৫) নামের এক পরিবার পরিকল্পনা পরিদর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে সোমবার (২৫ মে) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার রাজু মুন্সি উপজেলার সোনাপুর ইউনিয়নের চর বাংরাইল গ্রামের মৃত আব্দুস সালাম মুন্সীর ছেলে। তিনি সোনাপুর ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন।

সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান জানান, লিচু বাগান মালিক আজিজুল হত্যা মামলার অন্যতম আসামি হিসেবে রাজু মুন্সিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় মোট ১৫ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে এর আগে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. রবিউল ইসলাম জানান, বিষয়টি জানার পর থানার সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। প্রয়োজনীয় তথ্য সংগ্রহ শেষে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। তিনি বলেন, অভিযোগ সত্য হলে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হতে পারে।

মামলার নথি অনুযায়ী, গত ১৩ মে বিকেলে ফুলবাড়িয়া গ্রামের লিচু বাগানে মাদক সেবন ও চুরির ঘটনায় বাধা দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনার সূত্রপাত হয়। বাগান মালিকের ছেলে আকরাম মোল্যা বাধা দিলে অভিযুক্তরা তার ওপর হামলা চালায়।

পরে ওইদিন সন্ধ্যায় বাগান মালিক আজিজুল স্থানীয় বাজারে গিয়ে ঘটনার বিষয়ে কথা বলতে গেলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সাকিল মুন্সি ও তার সহযোগীরা লাঠিসোঁটা দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ভাই মো. ফজলুল হক মোল্যা ১৫ জনের নাম উল্লেখ করে সালথা থানায় হত্যা মামলা দায়ের করেন।

মতামত দিন