পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলায় ৪৭ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল,১ জুন শুনানি।
রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় আট বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনায় তদন্ত শেষে ৪৭ পৃষ্ঠার অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ।
পল্লবী থানার উপপরিদর্শক (এসআই) ওহিদুজ্জামান গতকাল ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এ অভিযোগপত্র জমা দেন।
ঢাকা মহানগর শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন অভিযোগপত্র গ্রহণ করেছেন। আদালত সূত্রে জানা গেছে, আগামী ১ জুন মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।
অভিযোগপত্রে প্রধান আসামি সোহেল রানা (৩০)-এর বিরুদ্ধে শিশুটিকে ধর্ষণের পর হত্যার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে আলামত নষ্টে সহায়তার অভিযোগ রয়েছে তার স্ত্রী স্বপ্না খাতুন (২৬)-এর বিরুদ্ধে।
নথিতে উল্লেখ রয়েছে, সোহেল রানা ২০ মে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
জবানবন্দিতে তিনি জানান, ১৯ মে সকাল সাড়ে ৯টার দিকে শিশুটিকে বাসার পাশে দেখতে পেয়ে ঘরে ডেকে নেন। পরে বাথরুমে নিয়ে ধর্ষণ করেন। শিশুটি চিৎকার করলে মুখ চেপে ধরেন এবং কাপড় গুঁজে দেন। পরে শিশুটি অচেতন হয়ে পড়লে তিনি তাকে মৃত মনে করেন।
এরপর প্রমাণ নষ্টের উদ্দেশ্যে মরদেহ বিকৃত করার চেষ্টা করেন বলে জবানবন্দিতে উল্লেখ করা হয়েছে।
ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, মাথায় গুরুতর আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে শিশুটির মৃত্যু হয়েছে। শরীরের আঘাতগুলো মৃত্যুর আগেই সংঘটিত হয়েছিল।
জবানবন্দিতে আরও বলা হয়, ঘটনা ধরা পড়ার পর লোকজন বাসায় জড়ো হলে সোহেল রানা জানালা ভেঙে পালানোর চেষ্টা করেন এবং তার স্ত্রী তাকে পালাতে সহায়তা করেন।
মতামত দিন