ঈদের আগে আবার বাড়ল স্বর্ণের দাম।
ঈদুল আজহাকে সামনে রেখে দেশের স্বর্ণবাজারে আবারও মূল্যবৃদ্ধি দেখা দিয়েছে। প্রতি ভরিতে নতুন করে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
সোমবার (২৫ মে) সকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দাম ঘোষণা করে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সংগঠনটি জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম বাড়ায় এই সমন্বয় করা হয়েছে। নতুন মূল্য সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের পাশাপাশি ২১ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৭ হাজার ৪৯০ টাকা। ১৮ ক্যারেটের ভরি বিক্রি হবে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৩৮৯ টাকা প্রতি ভরি।
বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের পাশাপাশি দেশীয় বাজারে কাঁচা স্বর্ণের দামের ওঠানামার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত নতুন দাম কার্যকর থাকবে।
এদিকে ঈদের আগে স্বর্ণের চাহিদা সাধারণত বেড়ে যায়। তবে দাম বৃদ্ধির কারণে ক্রেতাদের মধ্যে কিছুটা চাপ তৈরি হতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
মতামত দিন