ইসলামের আলো
ছবি: সংগৃহীত

লাব্বাইক ধ্বনিতে মুখর মক্কা-মিনা, শুরু হলো হজের কার্যক্রম।

নিজেস্ব প্রতিবেদক:

সৌদি আরবের মক্কা ও মিনায় লাখো মুসল্লির ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পুরো এলাকা। মিনায় হাজিদের আগমনের মধ্য দিয়ে শুরু হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সোমবার ‘ইয়াওমুত তারবিয়া’ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা হজযাত্রীরা মক্কার আবাসস্থল ছেড়ে মিনার উদ্দেশে রওনা হন। রাসুল (সা.)-এর সুন্নত অনুসরণ করে তারা তালবিয়া পাঠ করতে করতে সেখানে সমবেত হন।

এ বছর ১৫ লাখের বেশি আন্তর্জাতিক হজযাত্রী মক্কায় অবস্থান করছেন। সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিরাও এতে যোগ দিয়েছেন।

হজের সূচি অনুযায়ী, আজ মিনায় অবস্থান করে ইবাদত-বন্দেগিতে সময় কাটাবেন মুসল্লিরা। আগামীকাল ফজরের পর তারা আরাফাতের ময়দানের উদ্দেশে যাত্রা করবেন। সেখানে হজের খুতবা শোনা ও জোহর-আসর একসঙ্গে আদায় করা হবে। সূর্যাস্তের পর হাজিরা মুজদালিফায় রাত কাটাবেন।

পরদিন ১০ জিলহজ কোরবানির মধ্য দিয়ে হজের মূল কার্যক্রম শেষ হবে এবং শুরু হবে ঈদুল আজহা। এরপর ধাপে ধাপে হাজিরা কাবা শরিফে বিদায়ী তাওয়াফ সম্পন্ন করে নিজ নিজ দেশে ফিরবেন।

এদিকে তীব্র গরমের সতর্কতা জারি করেছে সৌদি আবহাওয়া বিভাগ। তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে জানানো হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় ছায়াযুক্ত এলাকা, কুলিং সিস্টেম ও চিকিৎসা সেবা জোরদার করা হয়েছে।

হজযাত্রীদের যাতায়াত সহজ করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবক মোতায়েন রয়েছে।

মতামত দিন