সায়েদাবাদ-যাত্রাবাড়ীতে অতিরিক্ত ভাড়া, বিপাকে ঘরমুখো যাত্রীরা।
বৈরী আবহাওয়া ও বৃষ্টির সুযোগ নিয়ে রাজধানীর বিভিন্ন পরিবহন কাউন্টারে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। সোমবার (২৫ মে) সকাল থেকে সায়েদাবাদ ও যাত্রাবাড়ী এলাকায় এ পরিস্থিতি দেখা যায়।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকেই দূরপাল্লার বাসের জন্য যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়। চাপ সামলাতে একের পর এক বাস ছাড়লেও টিকিট সংকট ও ভিড়ের কারণে ভোগান্তিতে পড়েন অনেকে।
তবে বৃষ্টি শুরু হওয়ার পর পরিস্থিতি আরও খারাপ হয় বলে অভিযোগ যাত্রীদের। তাদের দাবি, এ সময় সুযোগ নিয়ে বিভিন্ন কাউন্টার নির্ধারিত ভাড়ার চেয়ে ১৫০ থেকে ২০০ টাকা বেশি আদায় করে।
অনেক যাত্রী বাধ্য হয়ে অতিরিক্ত টাকা দিয়ে টিকিট কিনলেও কেউ কেউ দাঁড়িয়ে বা লোকাল বাসে ঝুঁকি নিয়ে গন্তব্যে রওনা দেন।
খুলনাগামী যাত্রী আজাদ জানান, সাধারণ ভাড়ার চেয়ে বেশি টাকা দিতে হয়েছে তাকে। একই অভিযোগ করেন যশোরগামী আরেক যাত্রী আরিয়, যিনি বলেন আগের চেয়ে এবার টিকিটের দাম বেশি পড়েছে।
এদিকে অভিযোগের ভিত্তিতে রাজধানীর বিভিন্ন বাস কাউন্টারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। তারা অতিরিক্ত ভাড়া না নেওয়ার বিষয়ে সতর্ক করে এবং প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়।
মতামত দিন