‘হুমকিতে মাথা নত করবে না ইরান’—ইব্রাহিম রেজাইয়ের হুঁশিয়ারি।
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য একটি কূটনৈতিক সমঝোতা নিয়ে আন্তর্জাতিক আলোচনা চলমান থাকলেও এবার ওয়াশিংটনকে সরাসরি কঠোর বার্তা দিয়েছে তেহরান। দেশটির সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের মুখপাত্র এবং প্রভাবশালী আইনপ্রণেতা ইব্রাহিম রেজাই এক বক্তব্যে যুক্তরাষ্ট্রের উদ্দেশে তীব্র অবস্থান তুলে ধরেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, ইরান চাপ বা হুমকির সামনে কখনোই নতি স্বীকার করে না এবং দেশটির অবস্থান সব সময়ই প্রতিরোধমূলক।
রেজাই তার বক্তব্যে সামরিক ও কূটনৈতিক কৌশলের তুলনা টেনে বলেন, যুদ্ধের সময় ইরানের নীতি ছিল প্রতিশোধের ভিত্তিতে, আর কূটনৈতিক ক্ষেত্রে তাদের অবস্থান হলো যেকোনো পদক্ষেপের পাল্টা জবাব দেওয়া।
তিনি যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে উদ্দেশ্য করে বলেন, ফাঁকা বক্তব্যের ওপর ভরসা না করে বাস্তবতার দিকে তাকানো উচিত। তার মতে, সময় এখন যুক্তরাষ্ট্রের বিপরীতে যাচ্ছে এবং তারা যদি সত্যিই সমঝোতা চায়, তবে আলোচনার পথে এগোতে হবে।
বক্তব্যে আরও কঠোর সুরে তিনি ইঙ্গিত দেন, চাপ প্রয়োগের মাধ্যমে ইরানকে পরিবর্তন করা সম্ভব নয় এবং ভবিষ্যত আলোচনার গতি নির্ভর করবে পারস্পরিক অবস্থানের ওপর।

মতামত দিন