চট্টগ্রাম ইপিজেডে ১১ মামলার আসামি ‘জাম্বু’ গ্রেপ্তার।
চট্টগ্রামের ইপিজেড থানায় বিশেষ অভিযানে ১১ মামলার পলাতক আসামি ও ছিনতাইকারী নুরুল ইসলাম ওরফে ‘জাম্বু’ (৩৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ মে) রাত সাড়ে ১১টার দিকে নিউমুরিং এলাকার তক্তারপুলে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে জানায় পুলিশ।
গোপন তথ্যের ভিত্তিতে অভিযানটি চালানো হয়। গ্রেপ্তার নুরুল ইসলাম দীর্ঘদিন ধরে একটি চুরির মামলায় পলাতক ছিলেন বলে নিশ্চিত করেছে পুলিশ।
তিনি চট্টগ্রাম বন্দর থানার ৩৮ নম্বর ওয়ার্ডের পুরাতন ডাকঘর এলাকার কুড়িপুকুরপাড়ের বাসিন্দা। তার বিরুদ্ধে মহানগরের বিভিন্ন থানায় ছিনতাই, চুরি ও অন্যান্য অপরাধে মোট ১১টি মামলা রয়েছে।
পুলিশ জানায়, বন্দর জোনের কর্মকর্তাদের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন সহকারী পুলিশ কমিশনার মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান। অভিযানে আরও পুলিশ সদস্যরা অংশ নেন।
ইপিজেড থানার ওসি বলেন, নগরীতে অপরাধ দমন ও পলাতক আসামি ধরতে নিয়মিত অভিযান চলছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

মতামত দিন