বরগুনায় ডিবির অভিযানে সাবেক পৌর মেয়র গ্রেপ্তার।
বরগুনার পাথরঘাটায় চারবারের সাবেক পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন আকনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর নিজ বাসা থেকেই তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, রোববার (২৪ মে) রাত ২টার দিকে পাথরঘাটা পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৭৮ বছর বয়সী এই রাজনীতিককে গ্রেপ্তার করা হয়। পরে তাকে বরগুনা সদর থানায় হস্তান্তর করা হয়।
গ্রেপ্তারের বিষয়ে বরগুনা সদর থানার ওসি আব্দুল আলিম বলেন, বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। বর্তমানে তিনি থানার হেফাজতে আছেন এবং আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর থেকে তিনি এলাকায় প্রকাশ্যে ছিলেন না। এ ছাড়া তার বিরুদ্ধে পৌরসভার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থ আত্মসাতের অভিযোগও রয়েছে। এসব ঘটনায় একাধিক ঠিকাদার আদালতে মামলা করেছেন, যা তদন্তাধীন রয়েছে।

মতামত দিন