বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় শ্রমিকদের সড়ক অবরোধ।
বকেয়া বেতনের দাবিতে আশুলিয়ায় একটি পোশাক কারখানার শ্রমিকরা মহাসড়কে নেমে বিক্ষোভ করেছেন। এ সময় তারা নবীনগর-চন্দ্রা সড়কের একটি অংশ অবরোধ করে রাখলে যান চলাচলে ধীরগতি সৃষ্টি হয়।
সোমবার (২৫ মে) সকাল শেষে বাড়ইপাড়া এলাকায় এ কর্মসূচি পালন করেন এনার্জিপেক নামের একটি গার্মেন্টস কারখানার শ্রমিকরা। প্রায় এক ঘণ্টা সড়কে অবস্থান নেন তারা।
শ্রমিকদের অভিযোগ, এপ্রিল মাসের বেতন এখনো পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ। কয়েকবার আশ্বাস দিলেও নির্ধারিত সময়ে টাকা না পাওয়ায় তারা সড়কে নামতে বাধ্য হয়েছেন।
বিক্ষোভের কারণে মহাসড়কে যানজটের সৃষ্টি হলে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে। পরে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলে দুপুর ১২টার দিকে শ্রমিকরা অবরোধ তুলে নেন।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বকেয়া বেতনকে কেন্দ্র করে শ্রমিকরা সড়কে অবস্থান নিয়েছিলেন। আলোচনা শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং যান চলাচলও পুনরায় শুরু হয়েছে।

মতামত দিন