গাজাগামী ফ্লোটিলায় ইসরায়েলের হামলা: আন্তর্জাতিক মামলা করতে চায় মালয়েশিয়া।
গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া ‘গ্লোবাল সুমুদ’ ফ্লোটিলায় অংশ নেওয়া কর্মীদের ওপর হামলা ও আটক করার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া। দেশটির সরকার বিষয়টি আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) পর্যন্ত নেওয়ার পরিকল্পনা করছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
সোমবার (২৫ মে) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, মালয়েশিয়ার আইনজীবীরা বর্তমানে ঘটনার বিভিন্ন তথ্য, সাক্ষ্য ও প্রমাণ সংগ্রহ করছেন। এসব প্রক্রিয়া শেষ হলে কুয়ালালামপুর আনুষ্ঠানিকভাবে মামলা দায়েরের উদ্যোগ নেবে।
সেলাঙ্গর অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী আমিরুদ্দিন শারি বলেন, গাজামুখী সহায়তাবাহী ফ্লোটিলার সদস্যদের সঙ্গে যা ঘটেছে, তা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলি বাহিনী ফ্লোটিলাটিতে অভিযান চালিয়ে বহু কর্মীকে আটক ও নির্যাতন করেছে।
কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লোটিলা ২.০–এর অংশগ্রহণকারীদের স্বাগত অনুষ্ঠানে তিনি বলেন, এ ঘটনায় মালয়েশিয়া চুপ থাকবে না। কূটনৈতিক চাপের পাশাপাশি আইনি লড়াইও চালিয়ে যাওয়া হবে।
তার ভাষ্য অনুযায়ী, ফ্লোটিলায় থাকা মালয়েশীয় নাগরিকদের সঙ্গেও অমানবিক আচরণ করা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই আন্তর্জাতিক আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
আমিরুদ্দিন আরও বলেন, গাজায় চলমান অবরোধ ও ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ নিয়ে আন্তর্জাতিক জনমত গড়ে তুলতে ভবিষ্যতে মালয়েশিয়ায় বড় পরিসরে সম্মেলনের আয়োজন করা হতে পারে।
তিনি জানান, ‘সুমুদ ২.০’ মিশন শেষ হলেও ফিলিস্তিনের প্রতি তাদের সমর্থন থামছে না। গাজার অবরোধ পুরোপুরি প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।
উল্লেখ্য, গত সপ্তাহে গাজায় ত্রাণ সহায়তা পৌঁছানোর উদ্দেশ্যে আন্তর্জাতিক জলসীমা দিয়ে যাত্রা করা ফ্লোটিলাটিতে ৪ শতাধিক কর্মী ছিলেন। পরে ইসরায়েলি বাহিনী সেটিতে অভিযান চালায় বলে অভিযোগ ওঠে।
সূত্র: আনাদলু

মতামত দিন