আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

পাকিস্তানে কোয়েটায় সৈন্য বহনকারী ট্রেনে হামলার নিন্দা জানাল ইরান।

নিজেস্ব প্রতিবেদক:

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সৈন্য বহনকারী একটি ট্রেনে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইরান। হামলায় বহু হতাহতের ঘটনায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এটিকে নৃশংস সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে আখ্যা দিয়েছে।

রোববার (২৪ মে) দেওয়া এক প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, কোয়েটা রেলস্টেশনে সংঘটিত হামলায় প্রাণহানির ঘটনায় তেহরান গভীরভাবে মর্মাহত। তিনি নিহতদের স্বজনদের প্রতি সহানুভূতি জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

একই সঙ্গে পাকিস্তানের জনগণ ও সরকারের পাশে থাকার বার্তাও দেয় ইরান। বাঘাই বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইকে ইরান কেবল আঞ্চলিক নয়, বৈশ্বিক দায়িত্ব হিসেবেও দেখে।

তিনি উল্লেখ করেন, ইরান বহু বছর ধরেই সন্ত্রাসী হামলার শিকার হয়ে আসছে। ফলে উগ্রবাদ ও সহিংস গোষ্ঠীর বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে প্রতিবেশী দেশগুলোর সমন্বিত উদ্যোগ জরুরি।

ইরানি এই মুখপাত্র আরও বলেন, সীমান্তঘেঁষা অঞ্চলে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে তথ্য আদান-প্রদান ও নিরাপত্তা সহযোগিতা বাড়ানো প্রয়োজন।

এদিকে হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ)। পাকিস্তানি কর্তৃপক্ষ জানিয়েছে, বিস্ফোরণে অন্তত ২৪ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ।

ঘটনার পর পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফও হামলার তীব্র নিন্দা জানান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, সন্ত্রাসী হামলার মাধ্যমে দেশের জনগণের মনোবল ভাঙা যাবে না এবং জঙ্গিবাদ দমনে সরকার কঠোর অবস্থানে থাকবে।

মতামত দিন