টাঙ্গাইলে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত, জামায়াতের শোক প্রকাশ।
টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় উদ্বেগ ও শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের সুস্থতা কামনা করেন।
সোমবার (২৫ মে) গণমাধ্যমে পাঠানো ওই বিবৃতিতে তিনি বলেন, যমুনা সেতুর পূর্ব সংযোগ সড়কের সরাতৈল এলাকায় সংঘটিত এ দুর্ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক। এত মানুষের প্রাণহানি দেশের সড়ক ব্যবস্থার দুর্বলতাকেই আবার সামনে নিয়ে এসেছে।
তিনি বলেন, প্রতিনিয়ত সড়কে ঝরছে প্রাণ, কিন্তু কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ এখনো দৃশ্যমান নয়। দুর্ঘটনা কমাতে পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানো জরুরি বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের এই নেতা আরও বলেন, অতিরিক্ত পণ্য বহন, বেপরোয়া গতি ও ট্রাফিক আইন অমান্য করার প্রবণতা বন্ধ না হলে এমন মর্মান্তিক ঘটনা থামবে না। একই সঙ্গে ফিটনেসবিহীন যান চলাচল বন্ধ এবং দক্ষ ও লাইসেন্সধারী চালক নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, ভবিষ্যতে যেন এ ধরনের দুর্ঘটনা আর না ঘটে সে জন্য সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ নিতে হবে।
বিবৃতির শেষাংশে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
মতামত দিন