সলিমপুরে নির্মাণাধীন ক্যাম্প গুঁড়িয়ে দিল সন্ত্রাসীরা,আটক ২০-৩০।
চট্টগ্রামের সীতাকুণ্ডের আলোচিত জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর একটি নির্মাণাধীন ক্যাম্পে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। হামলার সময় ক্যাম্প লক্ষ্য করে গুলিবর্ষণের পাশাপাশি বুলডোজার দিয়ে স্থাপনাটি ভেঙে ফেলা হয়।
রোববার দিবাগত গভীর রাতে এ ঘটনার পর সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সমন্বয়ে যৌথ অভিযান শুরু হয়। অভিযানে অন্তত ২০ থেকে ৩০ জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
সোমবার (২৫ মে) দুপুরে র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান বলেন, রাত ১টার পর সদ্য স্থাপিত র্যাব ক্যাম্প লক্ষ্য করে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। তাদের হাতে একে-৪৭ ধরনের অস্ত্রও ছিল বলে দাবি করেন তিনি।
তার ভাষ্য অনুযায়ী, শুরুতে সদস্যরা রাবার বুলেট ব্যবহার করলেও পরে সন্ত্রাসীরা বুলডোজার এনে নির্মাণাধীন ক্যাম্প গুঁড়িয়ে দেয়। একপর্যায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বাহিনীর সদস্যরা ফাঁকা গুলিও ছোড়েন।
তিনি আরও জানান, হামলার সময় আশপাশের রাস্তা কেটে দেওয়ায় দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। সেই সুযোগে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ঘটনায় ‘ইয়াসিন বাহিনী’কে দায়ী করে র্যাবের এই কর্মকর্তা বলেন, জঙ্গল সলিমপুরে যৌথ অভিযানের পর বিতাড়িত সন্ত্রাসী গোষ্ঠীই এ হামলা চালিয়েছে বলে তারা নিশ্চিত হয়েছেন। আটক ব্যক্তিদের যাচাই-বাছাই শেষে নির্দোষদের ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেন, ধ্বংস করা ক্যাম্পটির নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে ছিল। ঈদের পর স্বরাষ্ট্রমন্ত্রীর সেটি উদ্বোধনের কথা ছিল। হামলায় আইনশৃঙ্খলা বাহিনীর কেউ আহত হয়নি বলেও জানান তিনি।
এর আগে গত ৯ মার্চ সেনাবাহিনী, র্যাব ও পুলিশের যৌথ অভিযানে জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নেয় সরকার। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রায় ৩ হাজার ১০০ একর খাসজমি নিয়ে গড়ে ওঠা এ এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীর প্রভাব ছিল। পরে সেখানে পুলিশ ও র্যাবের প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়।
মতামত দিন