আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ইরানের সাথে 'খারাপ চুক্তি' নয়, টেবিলে শক্তিশালী প্রস্তাব: রুবিও।

নিজেস্ব প্রতিবেদক:

ইরানের সঙ্গে পারমাণবিক সমঝোতার আলোচনা এগিয়ে চললেও যুক্তরাষ্ট্র কোনো দুর্বল চুক্তিতে সই করবে না বলে স্পষ্ট করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ভারত সফরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এমন কোনো সমঝোতায় যাবেন না যা আমেরিকার স্বার্থ ক্ষুণ্ন করে।

আলোচনার বর্তমান অবস্থা প্রসঙ্গে রুবিও বলেন, টেবিলে একটি শক্তিশালী প্রস্তাব রয়েছে যেখানে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আলোচনা শুরুর বিষয় অন্তর্ভুক্ত। তবে চুক্তি চূড়ান্ত হতে হলে ইরানের আনুষ্ঠানিক জবাব দরকার, আর তেহরানের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া বরাবরই সময়সাপেক্ষ বলে মন্তব্য করেন তিনি।

রুবিও আরও জানান, ট্রাম্প দ্রুত কোনো ফলাফলের জন্য তাড়া অনুভব করছেন না। কূটনীতিকে পুরোপুরি সুযোগ দেওয়া হবে, তারপর প্রয়োজনে অন্য পথের কথা ভাবা হবে। উপসাগরীয় ও আন্তর্জাতিক মহলে এই উদ্যোগের ব্যাপক সমর্থন রয়েছে বলেও দাবি করেন তিনি।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরোক্ষ আলোচনা চলমান রয়েছে।

মতামত দিন