অপরাধ
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে সাত বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,যুবক আটক।

নিজেস্ব প্রতিবেদক:

কুলিয়ারচরে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাফেজ মাহবুব ওরফে মাহবুল্লাহ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৪ মে) দুপুরে উপজেলার রামদী ইউনিয়ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মাহবুব (২৩) নেত্রকোনার পূর্বধলা উপজেলার খলিশাপুর (বনপাড়া) গ্রামের বাসিন্দা। তিনি স্থানীয় একটি মসজিদে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে ওই মসজিদে ইমামতি শুরু করেন মাহবুব। রোববার দুপুরে খাবার নিয়ে মসজিদে যায় সাত বছরের শিশুটি। এ সময় তাকে ধর্ষণের অভিযোগ ওঠে ইমামের বিরুদ্ধে। পরে বিষয়টি জানাজানি হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে খবর দেন। পরে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল্লাহ বলেন, এমন ন্যাক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার হওয়া প্রয়োজন। অপর বাসিন্দা জুনায়েদ মিয়া জানান, ঘটনাটি প্রকাশ্যে আসার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।

কুলিয়ারচর থানার ওসি কাজী আরিফ বলেন, ভুক্তভোগী শিশুকে উদ্ধার করে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতামত দিন