মসজিদ থেকে বের হয়ে হামলা,বিচার না পাওয়ার অভিযোগ এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর।
নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার পর হামলার শিকার হয়েও থানায় গিয়ে ন্যায়বিচার পাননি বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। পাশাপাশি হামলাকারীরা পরবর্তীতে জামিনে মুক্তি পেয়েছে বলেও দাবি করেন তিনি।
রোববার (২৪ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ঘটনার বর্ণনা দেন। এতে তিনি বলেন, হামলার সময় তার ওপর ডিম, ইট-পাটকেল নিক্ষেপ করা হয় এবং হকস্টিক দিয়ে আঘাত করা হয়। একই সঙ্গে তার ক্যামেরা, মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগও করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, ঘটনার পর থানায় গেলে সেখানে কয়েক ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ রাখা হয় এবং পরে ‘চাপ সৃষ্টির পরিবেশ’ তৈরি করা হয়।
পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, হাসপাতালে স্ট্রোক করা বাবার পাশে থাকা তার সন্তান অয়নকে ঘুম থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। একই সঙ্গে হামলায় জড়িতদের জামিন দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টে তিনি লেখেন, এমন বাস্তবতায় তার মতো স্বাধীনচেতা মানুষের জন্য টিকে থাকা কঠিন হয়ে পড়ে।
শেষে তিনি অয়নকে দ্রুত তার বাবার কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান।

মতামত দিন