অপরাধ
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জে পৃথক ঘটনায় দুই শিশু যৌন নির্যাতন ও ধর্ষণচেষ্টার শিকার, দুইজন গ্রেপ্তার।

নিজেস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক দুইটি ঘটনায় দুই শিশুর ওপর ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনায় জড়িত অভিযোগে দুইজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা।

রোববার (২৪ মে) দুপুরে পুলিশ শিশু দু’জনকে নিরাপদ হেফাজতে নিয়ে প্রাথমিক চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় ৫ বছরের এক শিশু বাসায় একা থাকার সময় পাশের কক্ষের ভাড়াটিয়া আনোয়ার হোসেন (৪৮) তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি প্রথমে গোপন থাকলেও পরদিন সকালে জানাজানি হলে এলাকাবাসী তাকে আটক করে মারধর করে পুলিশের হাতে তুলে দেয়।

আটক আনোয়ার হোসেন জামালপুর জেলার ইসলামপুর থানার বেলগাছা গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে।

অন্যদিকে একই দিনে ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের প্রতাবনগর এলাকায় ৬ বছরের এক পথশিশুকে রাস্তা থেকে তুলে নিয়ে পরিত্যক্ত ইটভাটায় ধর্ষণের চেষ্টা করা হয় বলে অভিযোগ পাওয়া যায়। পরে স্থানীয়রা ধাওয়া করে বক্তাবলী বাজার এলাকা থেকে অভিযুক্ত নাজির হোসেন (৩৫)কে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

নাজির হোসেন ওই এলাকার জুলহাস মিয়ার ছেলে।

ফতুল্লা মডেল থানার ওসি মাহবুব আলম জানিয়েছেন, শিশু দু’জনকে নিরাপদ হেফাজতে নিয়ে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুইজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া চলছে।

মতামত দিন