৬ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত।
দেশের ছয়টি অঞ্চলে আজ রাতের মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে।
রাত ১টার মধ্যে এসব অঞ্চলে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে আরও জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি ঢাকা, রাজশাহী ও চট্টগ্রামের কিছু এলাকায় এবং খুলনা ও বরিশালের সীমিত অংশেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে চলমান মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। এর মধ্যে ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালীসহ খুলনা বিভাগের সব জেলাও রয়েছে।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিনের তাপমাত্রা প্রায় একই থাকলেও রাতের দিকে সামান্য হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

মতামত দিন