ঈদুল আজহায় জাতীয় ঈদগাহে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আসন্ন পবিত্র ঈদুল আজহায় জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৪ মে) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।
নামাজ শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিস্থলে গিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন এবং সেখানে কোরআন তেলাওয়াত করা হবে।
দলীয় সূত্রে জানা গেছে, বিএনপির শীর্ষ নেতারা এবার দেশজুড়ে নিজ নিজ এলাকায় ঈদের নামাজ আদায় করবেন।
এর মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান নরসিংদীর পলাশে এবং আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রামে ঈদের নামাজ আদায় করবেন।
এছাড়া ইকবাল হাসান মাহমুদ টুকু সিরাজগঞ্জে, হাফিজ উদ্দিন আহমেদ ভোলা এবং ব্যারিস্টার কায়সার কামাল নিজ নিজ নির্বাচনী এলাকায় নামাজে অংশ নেবেন।
দলীয় আরও কয়েকজন শীর্ষ নেতা ঢাকাসহ বিভিন্ন এলাকায় ঈদের নামাজ আদায় করবেন বলে জানা গেছে। এর মধ্যে খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেনসহ অনেকে রাজধানীতে ঈদ উদযাপন করবেন।
এদিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ধানমন্ডিতে ঈদের নামাজ আদায় করবেন। দলটির অধিকাংশ সংসদ সদস্য ও কেন্দ্রীয় নেতারা নিজ নিজ এলাকায় ঈদের নামাজে অংশ নেবেন।
মতামত দিন