গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে ১৬ শিশুর মৃত্যু।
সারাদেশে হামের উপসর্গ ও সংক্রমণ পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় হামের লক্ষণ নিয়ে নতুন করে ১৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
রোববার (২৪ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে হামের উপসর্গে এই ১৬ জন শিশুর মৃত্যু রেকর্ড করা হয়েছে। একই সময়ে সারা দেশে আরও ১ হাজার ৪৩৪ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে।
পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা ছিল ১ হাজার ৩০৬ জন। আর চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৩ হাজার ৮১৩ জনে।
নিশ্চিত রোগীর ক্ষেত্রেও বৃদ্ধি দেখা গেছে। গত ২৪ ঘণ্টায় ১২৮ জনের হামে আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একই সময়ে ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ৮ হাজার ৬২২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত সন্দেহজনক হামে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০ হাজার ৫৫৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬ হাজার ২১৪ জন।
মৃত্যুর পরিসংখ্যানেও উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হামে ১৬ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে এ সময়ে কোনো মৃত্যু হয়নি। তবে ১৫ মার্চ থেকে ২৪ মে পর্যন্ত নিশ্চিত হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬ জনে।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সতর্কতা জোরদার করার পরামর্শ দিয়েছেন।
মতামত দিন