নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতে রাজধানীতে ডিএমপির কঠোর নির্দেশনা।
ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর সড়কে যানজট নিয়ন্ত্রণ ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে নতুন করে কঠোর নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
রোববার (২৪ মে) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার বিস্তারিত জানানো হয়।
ডিএমপি বলছে, ঈদের সময় কোনো পরিবহন নির্ধারিত সময়ের বাইরে রাস্তায় নামতে পারবে না। নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি অর্থ আদায় করা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে এবং যাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করলে ব্যবস্থা নেওয়া হবে।
বাসে অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। একই সিটে একাধিক যাত্রী বসানো এবং বাসের ছাদে যাত্রী পরিবহন পুরোপুরি বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি মালবাহী যানবাহনে যাত্রী বহনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
ট্রাফিক বিভাগ জানিয়েছে, সড়কে চলাচলের সময় সব যানবাহনকে নির্ধারিত গতিসীমা মেনে চলতে হবে। ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, উল্টো পথে গাড়ি চালানো এবং বেপরোয়া গতিতে চলাচল কঠোরভাবে নিষিদ্ধ থাকবে।
চালকদের জন্য নির্দেশনায় বলা হয়েছে, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন বা ইয়ারফোন ব্যবহার করা যাবে না। একই সঙ্গে উচ্চ শব্দে গান বাজানো থেকেও বিরত থাকতে হবে। চালকদের পর্যাপ্ত শারীরিক সুস্থতা নিশ্চিত করেও দায়িত্ব পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
যাত্রীদের উদ্দেশে বলা হয়েছে, শুধু নির্ধারিত কাউন্টার বা টার্মিনাল থেকেই বাসে উঠতে হবে। চলন্ত যানবাহনে ওঠা-নামা করা যাবে না এবং অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার বা পানীয় গ্রহণ থেকে বিরত থাকতে হবে।
এছাড়া পথচারীদের ফুটওভার ব্রিজ ও জেব্রা ক্রসিং ব্যবহার করে রাস্তা পার হওয়ার অনুরোধ জানানো হয়েছে। রাস্তা পার হওয়ার সময় মোবাইল ফোন ব্যবহার না করার কথাও বলা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রাফিক বিভাগ মাঠে থাকবে এবং সার্বক্ষণিক নজরদারি চালাবে। জরুরি প্রয়োজনে ৯৯৯ নম্বর অথবা ট্রাফিক কন্ট্রোল রুমে যোগাযোগ করতে বলা হয়েছে।

মতামত দিন