পাইপলাইন সংস্কার ও লিকেজ মেরামতে রাজধানীর আশপাশে ৯ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে।
পাইপলাইনের সংস্কার ও লিকেজ মেরামতের কাজের কারণে রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় সাময়িকভাবে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
রোববার (২৪ মে) এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৫ মে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নির্ধারিত কিছু অঞ্চলে গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। এই সময়ে তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা এবং ভুলতা মোড় এলাকার ৮ ইঞ্চি ১৫০ পিএসআইজি লাইনের আওতাভুক্ত গ্রাহকরা গ্যাস ব্যবহার করতে পারবেন না।
একই সঙ্গে মুড়াপাড়া, কাঞ্চন ও হাটাবো এলাকার সব ধরনের গ্রাহক—আবাসিকসহ—এই সময়ের মধ্যে গ্যাস সরবরাহ থেকে বঞ্চিত থাকবেন।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড জানিয়েছে, নিয়মিত রক্ষণাবেক্ষণ এবং অবকাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করার অংশ হিসেবেই এই কাজ করা হচ্ছে।
সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
মতামত দিন