ঢাকায় অটো ট্রাফিক সিগন্যাল চালুর তাগিদ, যানজট কমাতে নতুন পরিকল্পনা সরকারের।
রাজধানী ঢাকায় আধুনিক স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা দ্রুত চালুর তাগিদ দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে রোববার (২৪ মে) এক বৈঠকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিগন্যালিং সিস্টেম নিয়ে অগ্রগতির বিষয়টি তুলে ধরা হয়।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জানান, স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বাস্তবায়নের কাজ ধাপে ধাপে এগোচ্ছে। পরিকল্পনার প্রায় দুই-তৃতীয়াংশ সম্পন্ন হয়েছে, বাকি অংশ ঈদের পর শেষ করার লক্ষ্য নেওয়া হয়েছে। মোট ২২টি গুরুত্বপূর্ণ পয়েন্টে এই ব্যবস্থা চালুর প্রস্তুতি চলছে।
তিনি বলেন, এই ব্যবস্থা চালু হলে রাজধানীর যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে। পাশাপাশি রিকশা চলাচল ব্যবস্থাপনা ও হকার নিয়ন্ত্রণ নিয়েও কাজ চলছে, যা ঈদের পর আরও জোরদার করা হবে।
বৈঠকে আরও আলোচনা হয় রাজধানীর বিকল্প সড়ক ব্যবহারের বিষয়েও। উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চল যাতায়াতে গাবতলী–পোস্তা রুট ব্যবহার উপযোগী করার ওপর গুরুত্ব দেন সংশ্লিষ্টরা।
এছাড়া কোরবানির ঈদকে সামনে রেখে পশুর হাট ব্যবস্থাপনা ও বর্জ্য অপসারণ নিয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, ঈদের পর ১২ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ সম্পন্ন করার।
কর্তৃপক্ষ আশা করছে, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে রাজধানীর যান চলাচল পরিস্থিতি আগের তুলনায় অনেক বেশি সহনীয় হবে।

মতামত দিন