পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে ২৫ মে সন্ধ্যা থেকে।
বিশ্ব মুসলিমের বৃহত্তম ধর্মীয় সমাবেশ পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২৫ মে) সন্ধ্যা থেকে। ৮ জিলহজ মিনায় হাজিদের অবস্থানের মধ্য দিয়েই শুরু হবে এবারের হজের মূল আনুষ্ঠানিকতা।
সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী দেশটিতে পৌঁছেছেন। এ সংখ্যা ইতোমধ্যেই গত বছরের বিদেশি হাজিদের মোট সংখ্যাকে ছাড়িয়ে গেছে।
শুক্রবার (২২ মে) সৌদি পাসপোর্ট অধিদপ্তরের হজবিষয়ক কমান্ডিং কর্মকর্তা সালেহ আল-মোরাব্বাহ এক সংবাদ সম্মেলনে জানান, এ বছর এ পর্যন্ত ১৫ লাখ ১৮ হাজার ১৫৩ জন বিদেশি মুসল্লি সৌদি আরবে প্রবেশ করেছেন। আগামী দুদিনে আরও বিপুলসংখ্যক হাজি পৌঁছাবেন বলেও আশা করা হচ্ছে।
হজের ধারাবাহিক আনুষ্ঠানিকতায় ৯ জিলহজ আরাফাতের ময়দানে অবস্থান করবেন হাজিরা, যা হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রোকন হিসেবে বিবেচিত।
এদিকে হজযাত্রীদের নিরাপত্তা ও সেবার বিষয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি প্রশাসন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ জানায়, বিশেষ নিরাপত্তা বাহিনীর কমান্ডার মেজর জেনারেল মনসুর বিন নাসের আল-ফায়েজ পবিত্র স্থানগুলোর নিরাপত্তা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন।
তিনি বলেন, হাজিদের নিরাপদ ও নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে। নিরাপত্তা, পরিবহন ও স্বাস্থ্যসেবাসহ সব খাতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
গত বছর মোট ১৬ লাখ ৭৩ হাজার ৩২০ জন মুসল্লি হজ পালন করেন। তাদের মধ্যে বিদেশি হাজির সংখ্যা ছিল ১৫ লাখ ৬ হাজার ৫৭৬ জন। এবার আনুষ্ঠানিকতা শুরুর আগেই সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে, এবারের হজ হতে যাচ্ছে আরও বড় পরিসরের।
সূত্র:আল-জাজিরা

মতামত দিন