ঝিনাইদহে যৌতুকের দাবিতে গৃহবধূ হত্যা, স্বামী পলাতক।
ঝিনাইদহ সদর উপজেলার গোয়ালপাড়া গ্রামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নিহত সাগরিকা আক্তার বুলবুলি (২২)-কে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
রোববার (২৪ মে) ভোরে ঘটনাটি ঘটে। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত তরুণীর বাড়ি করিমপুর গ্রামে। তার বাবার নাম ইন্তাজ আলী বিশ্বাস। অভিযুক্ত স্বামী শিমুল হোসেন গোয়ালপাড়া গ্রামের বাসিন্দা।
পরিবারের সদস্যদের ভাষ্য, সংসার শুরুর পর থেকেই টাকার জন্য সাগরিকার ওপর চাপ সৃষ্টি করা হতো। প্রায়ই তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে বলেও অভিযোগ তাদের। কিছুদিন বাবার বাড়িতে থাকার পর স্বামীর অনুরোধে সম্প্রতি আবার শ্বশুরবাড়িতে ফেরেন তিনি। এর কয়েকদিনের মধ্যেই ঘটে এই মর্মান্তিক ঘটনা।
ঘটনার পর থেকে শিমুল নিখোঁজ রয়েছেন। স্থানীয়দের ধারণা, ঘটনার পরপরই তিনি পালিয়ে যান।
ঝিনাইদহ সদর থানার পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। একই সঙ্গে অভিযুক্তকে আটকে অভিযান অব্যাহত রয়েছে।
মতামত দিন