অপরাধ
ছবি: সংগৃহীত

ঈশ্বরদীতে চার বছরের শিশুর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বৃদ্ধ আটক।

নিজেস্ব প্রতিবেদক:

পাবনার ঈশ্বরদীতে চার বছরের এক শিশুর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত রাহাত প্রামাণিক (৬০) স্থানীয়ভাবে ওই শিশুর প্রতিবেশী বলে জানা গেছে।

শনিবার (২৩ মে) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। তিনি মৃত পিরু আলী প্রামাণিকের ছেলে।

পরিবারের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরেই শিশুটির সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। ঘটনার দিন দুপুরে শিশুটি বাড়ির সামনে খেলছিল। এ সময় তাকে আদরের কথা বলে নিজের ঘরে নিয়ে যান রাহাত প্রামাণিক। পরে সেখানে শিশুটির সঙ্গে আপত্তিকর আচরণ করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

শিশুটির কান্না শুনে তার মা দ্রুত সেখানে গেলে পরিস্থিতি বুঝতে পারেন। পরে মেয়ের কাছ থেকে বিস্তারিত জানার পর পরিবারের সদস্যরা থানায় অভিযোগ করেন।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে। শিশুটির বাবা এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

মতামত দিন