মিড ডে মিল নিয়ে কড়াকড়ি, নিম্নমানের খাবার দিলে কঠোর অবস্থানে যাবে সরকার।
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘মিড ডে মিল’ কর্মসূচিতে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগে এবার কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিক্ষার্থীদের জন্য নিরাপদ ও পুষ্টিকর খাবার নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে।
রোববার (২৪ মে) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় খাদ্য সরবরাহকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভায় বলা হয়, শিশুদের খাবারের মান নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানান, ঈদের পর থেকেই ফিডিং কার্যক্রমে মান নিয়ন্ত্রণ আরও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। কোনো প্রতিষ্ঠান দায়িত্ব পালনে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
দেশের ১৫১ উপজেলায় বাস্তবায়নাধীন প্রায় সাড়ে ৫ হাজার কোটি টাকার এই প্রকল্পটি সম্প্রতি বিতর্কে আসে। কয়েকটি এলাকায় নিম্নমানের খাবার বিতরণ এবং তা খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।
এ অবস্থায় মাঠপর্যায়ের সমস্যা ও সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা নিয়ে বৈঠকে নিজেদের মতামত তুলে ধরেন বিভিন্ন কোম্পানির প্রতিনিধিরা। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো পরিস্থিতিতেই শিশুদের স্বাস্থ্যঝুঁকি এড়াতে মানসম্পন্ন খাবার নিশ্চিত করতেই হবে।
মতামত দিন