ইসলামের আলো
ছবি: সংগৃহীত

মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিকতা।

নিজেস্ব প্রতিবেদক:

পবিত্র হজের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে সোমবার (২৫ মে) সন্ধ্যা থেকে। ৮ জিলহজ হাজিদের মিনায় অবস্থানের মাধ্যমে শুরু হবে ইসলামের অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজনের মূল পর্ব।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ থেকে ১৫ লাখের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। শুক্রবার (২২ মে) এক সংবাদ সম্মেলনে দেশটির পাসপোর্ট অধিদপ্তরের হজবিষয়ক কর্মকর্তা সালেহ আল-মোরাব্বাহ জানান, বিদেশ থেকে আগত হাজির সংখ্যা ইতোমধ্যে ১৫ লাখ ১৮ হাজার ছাড়িয়েছে। আরও বহু হাজি আজ ও আগামীকাল সৌদি আরবে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

হজের ধারাবাহিক আনুষ্ঠানিকতায় মিনায় অবস্থানের পর ৯ জিলহজ আরাফাতের ময়দানে সমবেত হবেন হাজিরা। আরাফাতে অবস্থানকে হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে বিশাল এ সমাবেশকে ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সৌদি প্রশাসন। পবিত্র স্থানগুলোর নিরাপত্তা ও ব্যবস্থাপনা তদারকি করতে বিভিন্ন বাহিনীর সদস্যরা ইতোমধ্যে মাঠে কাজ শুরু করেছেন। নিরাপত্তা বাহিনীর কার্যক্রম পরিদর্শন শেষে বিশেষ নিরাপত্তা ইউনিটের কমান্ডার মেজর জেনারেল মনসুর বিন নাসের আল-ফায়েজ বলেন, হাজিদের নির্বিঘ্ন ইবাদত নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি জানান, বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বিত পরিকল্পনার কারণে এবারের হজ ব্যবস্থাপনা আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

গত বছর সৌদি আরবের বাইরে থেকে প্রায় ১৫ লাখের বেশি মুসল্লি হজ পালন করেছিলেন। তবে এবার মূল আনুষ্ঠানিকতা শুরুর আগেই সেই সংখ্যা ছাড়িয়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে, ২০২৬ সালের হজ হবে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় আয়োজনগুলোর একটি।

মতামত দিন