ফরিদপুরে আম কুড়াতে গিয়ে অস্ত্রের মুখে ধর্ষণচেষ্টার শিকার ৯ বছরের শিশু।
ফরিদপুরের সালথায় আম কুড়াতে বেরিয়ে ভয়াবহ অভিজ্ঞতার শিকার হলো ৯ বছরের এক শিশু। আজ শনিবার (২৩ মে) দুপুরে বাড়ির পাশের বাগানে রামদা দিয়ে মুখ চেপে ধরে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন স্থানীয় মুদি দোকানদার মো. খায়ের দাই (৩৫)।
ভুক্তভোগীর মা জানান, দুপুরে শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গেলে খায়ের তাকে অস্ত্রের ভয় দেখিয়ে বাগানে নিয়ে যায় এবং ধর্ষণের চেষ্টা চালায়। স্থানীয়রা ঘটনাটি দেখে ফেলায় খায়েরকে একটি ঘরে আটকে রাখা হয়। তবে কৌশলে সে পালিয়ে যেতে সক্ষম হয়। এলাকায় এখন তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
অভিযুক্ত খায়ের সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামের বাসিন্দা এবং বিবাহিত। তার দুটি সন্তানও রয়েছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী।
সালথা থানার ওসি মো. বাবলুর রহমান খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

মতামত দিন