মাগুরায় সপ্তম শ্রেণির ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ছড়ানোর অভিযোগে পাঁচজন গ্রেপ্তার।
মাগুরার শ্রীপুরে সপ্তম শ্রেণির এক কিশোরীকে কৌশলে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ এবং সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন সৌরভ (২১), অনিক (১৯), রানা বিশ্বাস (২০), নয়ন শেখ (১৯) ও হুসাইন — সবাই শ্রীপুর থানা এলাকার বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, ধর্ষণের সময় আসামিরা মোবাইলে ভিডিও ধারণ করে রাখে এবং বিষয়টি কাউকে জানালে সেটি ভাইরাল করে দেওয়ার হুমকি দেয়। ভয় ও লোকলজ্জায় কিশোরী বিষয়টি গোপন রাখতে বাধ্য হয়। তবে গত ১৯ মে সকালে তার খালু চায়ের দোকানে বসে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে সেই ভিডিও ছড়িয়ে পড়তে দেখেন এবং তাৎক্ষণিকভাবে পরিবারকে জানান। এরপর মায়ের জিজ্ঞাসাবাদে কান্নায় ভেঙে পড়ে পুরো ঘটনা খুলে বলে ওই কিশোরী।
গত ২২ মে ভুক্তভোগীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। শ্রীপুর থানার ওসি আতাউর রহমান জানান, মামলার পাঁচ আসামিকে ইতোমধ্যে গ্রেপ্তার করে মাগুরা জেলা জজ আদালতে পাঠানো হয়েছে।
মতামত দিন