আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

যুদ্ধবিরতি ভেঙে ফের লেবানন-সিরিয়া সীমান্তে ইসরায়েলি হামলা।

নিজেস্ব প্রতিবেদক:

যুদ্ধবিরতি কার্যকর থাকার মধ্যেই আবারও লেবানন ও সিরিয়া সীমান্তঘেঁষা বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শনিবার (২৩ মে) গভীর রাতে চালানো এসব হামলায় দক্ষিণ লেবাননের একাধিক অঞ্চল কেঁপে ওঠে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

লেবাননের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী, ব্রিতাল এলাকার কাছাকাছি পাহাড়ি নবি স্রেইজ অঞ্চলে অন্তত পাঁচটি বিমান হামলা চালানো হয়। একই সময়ে নাবাতিয়েহ ও মারজাইউনের কয়েকটি এলাকাতেও বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এর আগে বৃহস্পতিবার তেবনিন হাসপাতালের আশপাশে হামলার ঘটনায় হাসপাতালের জরুরি বিভাগ, আইসিইউ ও অস্ত্রোপচার ইউনিট ক্ষতিগ্রস্ত হয়। হামলায় কয়েকটি অ্যাম্বুলেন্সও নষ্ট হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে শুক্রবার রাতে দক্ষিণ লেবাননের কয়েকটি এলাকা খালি করার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী। স্থানীয় বাসিন্দাদের অনেকেই ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। আল জাজিরার প্রতিবেদক জানান, মানুষ চরম আতঙ্কের মধ্যে এলাকা ছাড়ছে, কারণ তারা জানে না আবার কবে নিজেদের বাড়িতে ফিরতে পারবে।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মার্চের শুরু থেকে চলমান হামলায় দেশটিতে তিন হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চিকিৎসাকর্মী, নারী ও শিশুর সংখ্যাও উল্লেখযোগ্য।

যদিও গত এপ্রিলের মাঝামাঝি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছিলেন, তবে বাস্তবে সীমান্তজুড়ে হামলা ও উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

মতামত দিন